অনলাইন নীতিমালার বিরুদ্ধে সামাজিক ব্লগে প্রতিবাদের ঝড় : আন্দোলনের হুমকি
বিজয় নিউজ ২৪ ডটকম : অনলাইন পত্রিকা ও অনলাইন সামাজিক মতামতের ওয়েব সাইটের জন্য সরকার প্রস্তাবিত অনলাইন নীতিমালার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলেছে বহুল জনপ্রিয় যোগাযোগ মাধ্যম সামহোয়্যারইন ব্লগ। প্রতিবাদের অংশ হিসেবে একটি পোস্টকে স্থায়ী সংযুক্তিও (স্টিকি) করেছে কর্তৃপক্ষ। এছাড়া মুক্ত মতামতের এই সাইটটিতে বিভিন্ন প্রতিবাদী মতামত পোস্ট করছেন এর সদস্যরা।
এরই মধ্যে এই নীতিমালার প্রধান উদ্যোগী সংরক্ষিত মহিলা সংসদ বেবী মওদুদ, জনপ্রিয় অনলাইন সংবাদপত্র বিডিনিউজ২৪ ডটকমের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও তথ্য সচিব হেদায়েত উল্লাহ আল মামুনের বিরুদ্ধে লেখা হয়েছে বহু মতামত। এই তিনজনকে অনলাইন ও ইন্টারনেটের ‘শত্রু’ বলেও ঘোষণা দিয়েছেন তারা। একইসঙ্গে এই নীতিমালার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ অনলাইন নিউজ পেপার এ্যাসোসিয়েশন ( বনপা) অনলাইন সংবাদপত্রের জন্য প্রণীত খসড়া নীতিমালাকে কালো আইন বলে আখ্যায়িত করে ওই নীতিমালার বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে।
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এবং বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) ‘অনলাইন গণমাধ্যম পরিচালনা নীতিমালা-২০১২’ কে ‘না’ বলার প্রস্তাব গ্রহণ করেছে।
আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক-ব্লগার ও অনলাইন ব্যবহারকারীদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে অনলাইন পত্রিকাগুলোর সম্পাদকের বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। প্রকাশিত অনলাইন নীতিমালা চুড়ান্ত হলে দেশের অর্থনীতিতে মারাত্মক বিপর্যয় ঘটবে বলে আইটিবিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন।








