Home  » অর্থনৈতিক

আবাসিক গ্যাস বিল বাড়াতে সংসদীয় কমিটির সুপারিশ

Posted-বুধবার, ১৯ সেপ্টেম্বার, ২০১২ Time-১০:২৫ pm ◊ বাংলা- ৪ আশ্বিন ১৪১৯ সাল । বিভাগ-অর্থনৈতিক  

বিজয় নিউজ ২৪ ডটকম : বাসাবাড়িতে গ্যাসের বিল বাড়ানোর সুপারিশ করেছে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে গ্যাসের আবাসিক সংযোগ ধীরে ধীরে কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৩৯তম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটি মনে করছে, গ্যাসের আবাসিক সংযোগ ‘অনৈতিক’। কমিটি আবাসিক ক্ষেত্রে সিলিন্ডার গ্যাসের ব্যবহার বাড়ানোর সুপারিশ করেছে। বর্তমানে পাইপলাইনে দেওয়া আবাসিক সংযোগ আর সিলিন্ডার গ্যাসের দামের মধ্যে সামঞ্জস্য আনার জন্য কমিটি মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, ‘সরকার পাইপলাইনে আর কত কাল গ্যাসের সংযোগ দেবে? পৃথিবীর কোথাও এভাবে আবাসিক সংযোগ দেওয়া হয় না। কমিটি মন্ত্রণালয়কে পাইপলাইনের পরিবর্তে সিলিন্ডার গ্যাসের ব্যবহার বাড়ানোর ব্যবস্থা নিতে বলেছে।’

গ্যাসের সিলিন্ডারের দাম প্রসঙ্গে স্থায়ী কমিটির সভাপতি বলেন, বাজারে সিলিন্ডারের দাম বেশি। অন্যদিকে আবাসিক সংযোগের বিল অনেক কম। কমিটি এ দুইয়ের মধ্যে সামঞ্জস্য আনার জন্য বলেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাইপলাইনে গ্যাসের সংযোগ দেওয়া ‘ইমমরাল’ (অনৈতিক)। এত কম বিল হতে পারে না।’

বিশেষজ্ঞদের মত নেবে সংসদীয় কমিটি: ১১ সেপ্টেম্বর সংসদে উত্থাপিত ‘টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০১২’ চূড়ান্ত করতে বিশেষজ্ঞদের মতামত নেবে সংসদীয় কমিটি। বুধবার কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!