সে আমার মন কেড়েছে
বিজয় নিউজ ২৪ ডটকম : যাকে বলে সোনায় সোহাগা। টেলিভিশনের সবচেয়ে প্রিয় মুখটির সঙ্গে ঢালিউডের শীর্ষ নায়কের জুটি। শাকিব-তিন্নির জুটিবদ্ধ হওয়াটা যে কোনো দৃষ্টিকোণ থেকেই সিনেমার জন্য আলোচিত ঘটনা। একদিকে তিন্নির বাণিজ্যিক সিনেমায় পা (যদিও কিছুটা দেরিতে) দেয়াটা আকর্ষণীয় ব্যাপার, অন্যদিকে শাকিবের সঙ্গে শুভসূচনা ইঙ্গিত দেয় নতুন জুটির দর্শকপছন্দের তালিকায় উঠে আসার। শাকিব-তিন্নি জুটির প্রথম ছবি ‘সে আমার মন কেড়েছে’ মুক্তি পাচ্ছে এবারের ঈদে। যদিও ছবিটিকে মুক্তির মিছিল পর্যন্ত নিয়ে আসতে কম কাঠখড় পোড়াতে হয়নি ছবির পরিচালক সোহানুর রহমান সোহানকে। তিন্নির মতো জনপ্রিয় অথচ অপেশাদার অভিনেত্রীকে নিয়ে কাজ করতে গিয়ে কালঘাম বেরিয়ে গেছে পরিচালকের। বার বার তিন্নির শিডিউল ফাঁসানোর ঘটনা পরিচালক সোহানের ধৈর্যের পরীক্ষা নিয়ে ছেড়েছে। তিন্নিকে নিয়ে বিচার-সালিশ পর্যন্ত বসেছে এফডিসিতে। তবে সেসব তিক্ত মুহূর্তগুলোকে ছবি রিলিজের আগে আর মনে করতে চান না সোহান। তিন্নির কাজ সোহানকে মুগ্ধ করেছে। পর্দায় যে পারফরমেন্স দিয়েছেন তিন্নি, তাতে সোহানের সব আক্ষেপ মিটে গেছে। সোহানুর রহমান সোহান বলেন, ‘অসাধারণ কাজ করেছে তিন্নি। দর্শকরা ছবি দেখলেই বুঝবেন তিন্নি কতটা মেধাবী অভিনেত্রী। কাজের প্রতি সিরিয়াস হলে এরকম অভিনেত্রীর সঙ্গে বারবারই কাজ করতে চাইতাম আমি। তবে আমার কোনো আফসোস নেই। কারণ আমি জানি, সিনেমা হলে তালির কোনো কমতি হবে না। সেই তালির শব্দে সব কষ্ট ভুলে যাব আমি।’ তিন্নির সঙ্গে কেমন করেছে শাকিব? ‘সেরাটাই দিয়েছে আমাকে শাকিব। অনেকদিন পর দর্শক শাকিবকে একটা দারুণ চরিত্রে দেখতে পাবে।’ পরিচালক জানান, নাচ-গান, অভিনয়, কমেডি-অ্যাকশন সব মিলিয়ে তিন ঘণ্টার পরিপূর্ণ বিনোদন ছবি বানানোর চেষ্টা ছিল তার। প্রযোজনা প্রতিষ্ঠান সন্ধানী কথাচিত্র পয়সা খরচ করতে কৃপণতা করেনি বলেই পরিচালকের মত। কিন্তু ঈদের ছবি কতটা হয়ে উঠতে পেরেছে ‘সে আমার মন কেড়েছে’? উত্তরটা ঢাকাই ছবির দর্শকদের বোধ হয় ভালোই জানা আছে। কেননা এই দর্শকদের কাছে ঈদ আর সোহানুর রহমান সোহান অনেকটাই সমার্থক, সেই ১৯৯৩ সালের ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি থেকে। নানা ঈদে পরিচালক সোহানের কাছ থেকে দর্শক পেয়েছেন ‘স্বজন’, ‘বিদ্রোহী কন্যা’, ‘শান্তি চাই’, ‘অগ্নিসাক্ষী’, ‘কিলার’, ‘সত্যের বিজয়’,‘স্বামী ছিনতাই’, ‘কথা দাও সাথী হবে’, ‘আমার জান আমার প্রাণ’, ‘পরান যায় জ্বলিয়ারে’র মতো ছবি। ঈদ মানেই তাই অনেক দর্শকের কাছে সোহানুর রহমান সোহানের ছবি দেখার অভিজ্ঞতা। সেদিক থেকে দেখলে এই ঈদেও ‘সে আমার মন কেড়েছে’ দর্শকের পছন্দের আগাম তালিকায় থাকবে। পরিচালক সোহান, শাকিব-তিন্নি জুটি, বড় ব্যানার সন্ধানী কথাচিত্র, বিগ বাজেট—সব মিলয়ে ঈদ উত্সবের মোক্ষম ছবি ‘সে আমার মন কেড়েছে’। ছবিটি ঈদে দর্শকের মন কাড়লেই ষোলকলা পূর্ণ হবে।








