বাংলাদেশকে সামনে নিয়ে যেতে দুই নেত্রীকে সরাতে হবে: এরশাদ
বিজয় নিউজ ২৪ ডটকম: মহাজোট সরকারের অন্যতম শরিক ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, দুই নেত্রী রাজনীতি থেকে চলে গেলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এরা দুজন বাংলাদেশকে অনেক পেছনে ফেলে দিয়েছে। বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে হলে দুই নেত্রীকে সরাতে হবে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় রংপুর মহনগরীর জিএল রায় রোডে জাপা এমিপর সম্পাদনায় ‘দৈনিক আমাদের প্রতিদিন’ পত্রিকার উদ্বোধন অনুষ্ঠানে দলের চেয়ারম্যান এসব কথা বলেন।
এরশাদ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তিনি অভিযোগ করে বলেন, দেশে গণতন্ত্র বলতে কিছুই নেই। গণতন্ত্র হরণ হয়ে গেছে। এখন গণতন্ত্র প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়েছে।
এইচএম এরশাদ বলেন, দেশকে এগিয়ে নিতে জাপাকে ক্ষমতায় আনতে হবে। তা না হলে গণতন্ত্র ধবংস হয়ে যাবে। আমরা আর কাউকে ক্ষমতায় বসাবো না, নিজেরাই ক্ষমতায় বসবো। জাপা চেয়ারম্যান বলেন, জাপা এখন সুসংগঠিত দল। জাপা এখন আর দুর্বল নয়, কেউ ইচ্ছা করলেই আর দুর্বল বানাতে পারবে না। যেকোনো মুহূর্তে জাপার তৃতীয় শক্তি হিসেবে আত্ম-প্রকাশ করতে দেরি হবে না।
সরকারের কর্মকাণ্ডে দেশের মানুষে নাভিশ্বাস উঠেছে মন্তব্য করে এরশাদ বলেন, দেশের মানুষ আর খুন-রাহাজানি দেখতে চায় না। তারা হানাহানি করতে চায় না। সুখে দিন যাপন করতে চায় বলে মানুষ আবার জাপাকে ক্ষমায় আনার স্বপ্ন দেখছে। তিনি বলেন, সরকার উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা হরণ করেছে। তাদের নিধিরাম সর্দার করা হয়েছে। আমার আমলে উপজেলা চেয়ারম্যানরা ক্ষমতা পেয়েছিল। এখন নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের সে ক্ষমত না থাকায় তারা অলস সময় পার করছেন।
এরশাদ বলেন, ঈদের পর হরতাল, জ্বালাও-পোড়াও ও সংঘাতের রাজনীতি শুরু হতে পারে। দেশের মানুষ হিংসা হানাহানি দেখতে চায় না, চায় শান্তি। তাই মানুষ এখন তৃতীয় শক্তি খুঁজছে।








