চট্টগ্রামে গত মাসে ১৩ নারী ও শিশু ধর্ষণের শিকার : ২৬টি বেওয়ারিশ লাশ উদ্ধার
বিজয় নিউজ ২৪ ডটকম : বৃহত্তর চট্টগ্রামে গত জুলাই মাসে ১৩ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। নির্যাতিতাদের মধ্যে ১০ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। এছাড়া ২৬টি বেওয়ারিশ লাশ উদ্ধার হয়েছে। অপহরণের শিকার হয়েছে ১৬ জন। মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম শাখার মাসিক রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। সংস্থার ডকুমেন্টেশেন সেলের প্রধান মো. ফয়সাল আহাম্মদ ও সেল ইন-চার্জ মুরশেদুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামে গত জুলাই মাসে নারী ও শিশু নির্যাতন ও হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত বেশ কিছু আলোচিত ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে রয়েছে, গত ২৬ জুলাই হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকার এক শিশুকে অপহরণ করে গণধর্ষণ করে একই রমজান আলী নয়নের নেতৃত্বে ৫/৬ লম্পট। ২৫ জুলাই শারমিন আক্তারকে (১৪) অপহরণ করে উপজেলার আধুনগর ইউনিয়নের সাতগড় এলাকার সাবের আহমেদের ছেলে আবদুুল আলিম মুজিব। অপহরণের পর পর আমিরাবাদ জনকল্যাণ স্কুলের প্রধান শিক্ষক থানাকে অভিহিত করলে সন্ধ্যার দিকে পুলিশ চুনতী মিয়াজী পাড়ার তার এক বন্ধুর বাড়ি থেকে তাকে উদ্ধার করে। ৪ জুলাই রাতে নগরীর মিয়াখান নগর ময়দার মিল এলাকার পিস্তল হাজীর কলোনির বাসিন্দা এক নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে পার্শ্ববর্তী ভাড়াটিয়া ইউছূফ খান নামের এক ব্যক্তি ওই গৃহবধূকে জাহাঙ্গীর বিল্ডিংয়ের নিচ তলায় নিয়ে মুখে কাপড় গুঁজে ধর্ষণ করে। সবমিলিয়ে জুলাই মাসে ১৩ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। পারিবারিক কলহের কারণে নির্যাতিত হয়েছে ১ জন, নিহত হয়েছে ৩ জন, যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে ১ জন, যৌতুকের জন্য নির্যাতিত হয়েছে ৩ জন, ২৬টি অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে ও অপহরণের শিকার হয়েছে ১৬ জন। অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।








