দক্ষিণ সুদানকে কৃষিক্ষেত্রে সহযোগিতা দেবে বাংলাদেশ
বিজয় নিউজ ২৪ ডটকম: কৃষিজমি ইজারা নিয়ে খাদ্যশস্য উৎপাদনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত, কৃষি শ্রমিকদের প্রশিক্ষণ এবং লাগসই কৃষি প্রযুক্তি ব্যবহারে দক্ষিণ সুদানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ। বুধবার এ বিষয়ে বাংলাদেশ ও দক্ষিণ সুদানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানিয়ে বলা হয়, বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং দক্ষিণ সুদানের কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সমঝোতা স্মারকে সই করেন। এ সময় প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং সুদানের কৃষিমন্ত্রী বেটি আচান অগওয়ারো উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ এবং শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল গত ২৮শে জুলাই দক্ষিণ সুদান সফরে যায়। ওই সময় দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা ও ঐকমত্য হয়। এরআগে দক্ষিণ সুদানের পররাষ্ট্রমন্ত্রী নিয়াল ডেং নিয়াল বাংলাদেশ সফর করার সময় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা ও সমঝোতা হয়। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী সহযোগিতার নতুন দ্বার উন্মোচনকে স্বাগত জানিয়ে বলেন, নতুন এ দেশটির আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়েছে। তিনি স্বাস্থ্য, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, কৃষি এবং যোগাযোগ ক্ষেত্রে সুদানের জন্য নেয়া বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়া সফরকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে দক্ষিণ সুদানের প্রেসিডেন্টসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও অন্যদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকও করে প্রতিনিধিদলটি। এসব বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও লে. জেনারেল আবদুল ওয়াদুদ, কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ওয়াহিদুর রহমান এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শামসুন নাহার উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার জানান, এক সপ্তাহের সফর শেষে প্রতিনিধিদলটি আগামী ৫ই আগস্ট বিকাল পাঁচটায় দেশে ফিরবে। দেশে ফিরেই প্রতিনিধিদলের প্রধান প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এ বিষয়ে সংবাদ মাধ্যমকে ব্রিফ করবেন।








