সোনাতলা ও জগন্নাথপুরে ৩ খুন : না.গঞ্জে গৃহবধূকে পুড়িয়ে হত্যা রামুতে স্বামীর পিটুনিতে স্ত্রীর মৃত্যু
বিজয় নিউজ ২৪ ডটকম: তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পৃথক দু’টি ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বগুড়ার সোনাতলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে নিহত হয়েছেন ১ জন। এছাড়া আড়াইহাজারে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। এছাড়া নরসিংদীতে যুবককে গলাকেটে ও রামুতে স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
জগন্নাথপুরে পৃথক হামলায় ২ জন নিহত : তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পৃথক দু’টি ঘটনায় ২ জন নিহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের মুহিবুর রহমানের সঙ্গে পাইলগাঁয়ের ফজলু মিয়ার রোববার বিকালে কাঁঠাল কেনার সময় দরকষাকষি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুহিবুর ছাতা দিয়ে ফজলু মিয়াকে (৪৭) আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সাধীন অবস্থায় সোমবার ভোররাতে তার মৃত্যু হয়। অপর ঘটনায় আমির হোসেন (২৪) নামে এক যুবক একই হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রোববার রাতে মারা গেছেন। আমির ২৭ জুলাই রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের সুন্দর মিয়ার পক্ষের লোকজনের হামলায় আহত হন। জগন্নাথপুর থানার উপ-পরির্দশক এস আই নাজমুল হাসান জানান, দু’ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সোনাতলায় দু’গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১ : বগুড়ার সোনাতলার সুখানপুকুর হাইস্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। এ সময় দোকান ও বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই দুই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সুখানপুকুর হাইস্কুল মাঠে ঠাকুরপাড়া একাদশ ও সোনাতলা একাদশের মধ্যে খেলা চলছিল গত শনিবার। খেলা গোলশুন্য ড্র হলে আয়োজকরা টাইব্রেকারের সিদ্ধান্ত নেয়। এ সময় মাঠে প্রবেশ করা নিয়ে সংঘর্ষ বেধে যায়। এতে শিহিপুর গ্রামের লোকজন নওদাবগা গ্রামের শিপলু নামের এক যুবককে মারধর করে। এ ঘটনার জের ধরে রোববার বিকালে নওয়াদবগা গ্রামের লোকজন শিহিপুর পশ্চিমপাড়ার হোসেন আলীর ছেলে সৌদি প্রবাসী আবদুুল মালেককে (৩০) মারধর করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে রাতে মারা যায়।
আড়াইহাজারে গৃহবধূকে পুড়িয়ে হত্যা : আড়াইহাজারে গৃহবধূকে পুড়িয়ে হত্যা করে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে স্বামী ও গ্রাম্য মাতাব্বরসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার ছোট বিনাইরচর গ্রামে শনিবার রাতে ঘটলেও গতকাল পর্যন্ত প্রভাবশালী মহল তা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। আড়াইহাজার থানার এসআই আশরাফুজ্জামান জানান, মনোমালিন্যের জের ধরে গত ২০ জুলাই মাফিয়াকে তার স্বামী, ভাসুর ও অন্য আত্মীয়স্বজনরা মিলে ঝগড়ার একপর্যায়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এর পর তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ৯ দিন চিকিত্সার পর শনিবার রাতে সে মারা যায়। ঘটনাটি ভিন্ন খাতে নিতে একটি প্রভাবশালী মহল আপস মীমাংসার জন্য বাদীকে চাপ দিতে থাকে এবং পুলিশকে না জানিয়েই লাশ দাফন করে।
রামুতে স্বামীর প্রহারে স্ত্রীর মৃত্যু : কক্সবাজারের রামু উপজেলায় বাবার বাড়িতে স্বামীর বেদম প্রহারে স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম জলিয়া আকতার পারভিন (২৫)। রোববার বিকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগ্যাকাটা ঘুইট্টাবনিয়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ঘাতক স্বামী শামসুল আলমকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, স্বামী-স্ত্রীর মনোমালিন্যের কারণে কয়েক মাস আগে একমাত্র ছেলেকে নিয়ে বাপের বাড়িতে চলে আসেন জলিয়া আকতার । রোববার বিকালে ছেলেকে আনতে শ্বশুরবাড়িতে যায় শামসুল আলম। এ সময় স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির একপর্যায়ে শামসুল জলিয়ার মাথায় কাঠের টুকরা দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই জলিয়া মারা যান।
নরসিংদীতে যুবককে গলাকেটে হত্যা : গতকাল ভোরে নরসিংদীর মাধবদীর বিরামপুর এলাকায় ফারুক মিয়া (২৬) নামে এক সন্ত্রাসীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করেছে তার সহযোগীরা। মাধবদী শহরের নোয়াপাড়া মহল্লার ফারুক মিয়া এলাকার এক চিহ্নিত সন্ত্রাসী। কিছুদিন আগে একটি মামলায় জেল খেটে জামিন নিয়ে বাড়ি ফিরে। রোববার ভোররাতে তার সহযোগী সন্ত্রাসীরা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরেনি। গতকাল সকালে বিরামপুর ডিজিটাল কলেজ মাঠের পাশে তার লাশ পাওয়া যায়। সন্ত্রাসীরা তাকে প্রথমে উপর্যুপরি ছুরিকাঘাতের পর গলা কেটে জবাই করে হত্যা করে।
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত : মৌলভীবাজারের নাদামপুর এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৩ জন। আহতদের মধ্যে রোশনা বেগম নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলো আজাদ মিয়া (১৫), আয়েশা বেগম (৯) ও সোহেল মিয়া (২৫)। পুলিশ জানিয়েছে, আজাদ মিয়া ও শিশু আয়েশার বাড়ি সিলেটের ওসমানীনগর এলাকায়। সোহেল মিয়ার বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জে।
রাজবাড়ীতে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ : রাজবাড়ী জেলা সদরের গোয়ালন্দ মোড়ে গতকাল দুপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক হোটেল মালিক নিহত ও অপর ১০ যাত্রী আহত হয়েছে। এ ঘটনা বিক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাস্থলে স্পিড ব্রেকারের দাবিতে দুপুরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় তারা কয়েকটি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্র জানায়, বেলা ২টার দিকে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা বিলাস পরিবহনের একটি বাস গোয়ালন্দ মোড়ে যাত্রী নামানোর জন্য দাঁড়ালে ফরিদপুর থেকে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পথচারী ও স্থানীয় একটি হোটেল মালিক জয়েন উদ্দিন (৬০) ঘটনাস্থালেই মারা যান। আহত হয় ১০ যাত্রী। আহতদের রাজবাড়ী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ : পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর নামক স্থানে গতকাল দুপুরে একটি মালবাহী ট্রাক ইঞ্জিনচালিত ভটভটিকে চাপা দিলে ঘটনাস্থলেই অজ্ঞাত (২৭) নামের এক মহিলা নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজিত জনতা এ সময় পাবনা-ঢাকা মহাসড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখে।
রংপুরে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু : রোববার রাতে রংপুর-ঢাকা মহাসড়কে পৃথক দুর্ঘটনায় আহত দুই ব্যক্তি চিকিত্সাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সকালে মারা গেছেন। রংপুর কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন জানান, রোববার রাতে মহাসড়কের দমদমা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন আনজুয়ারা (৪৫)। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল তিনি মারা যান। তার বাড়ি ধর্মদাস আবদুল্লাহপুর এলাকায়।
অপর দুর্ঘটনাটি ঘটে রংপুর-দিনাজপুর সড়কে পাগলাপীর এলাকায়। রংপুর থেকে দিনাজপুরগামী যাত্রী বোঝাই বাস রোববার রাত ১০টা দিকে পাগলাপীর এলাকায় শুকারাকে (৪০) চাপা দিলে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর গতকাল সকালে তিনি মারা যান।
জিয়ানগরে ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু : পিরোজপুরের জিয়ানগরে ট্রাকচাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সকালে জিয়ানগর-পিরোজপুর থেকে ঢাকাগামী একটি ট্রাক (ট-১১-০০৮৩) ইন্দুরকানী বাজার সংলগ্ন ইন্দুরকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মো. নাজমুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমুল মারা যায়। এ ঘটনায় উত্তেজিত জনতা ৪টি বাস ও ঘাতক ট্রাকসহ ৭টি গাড়ি ভাংচুর করে। পুলিশ ঘাতক চালক সুমন ও তার সহকারী শামসুল ইসলামকে আটক করেছে। উত্তেজিত জনতা ঘাতক চালকের ফাঁসির দাবিতে জিয়ানগর বাজারে বিক্ষোভ করে ও আজ জিয়ানগর বাজারে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।
দুর্গাপুরে এক সন্তানের জননীর আত্মহত্যা : দুর্গাপুর পৌরসভার ৬নং ওয়ার্ড দশাল গ্রামের বাসিন্দা আবদুল আজিজের স্ত্রী জাকিয়া (২২) গত শনিবার সন্ধ্যায় তার নিজ ঘরে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালালে বাড়ির লোকজন টের পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপেল্গক্সে নিয়ে এলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।
গত শুক্রবার জাকিয়ার বাবা জয়নাল মিয়া মেয়েকে বাড়িতে নিতে এলে মেয়ে ও বাবার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জয়নাল মিয়া মেয়েকে মারধর করে। অভিমান করে শনিবার ইফতারের আগে জাকিয়া গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
দুপচাঁচিয়ায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার : বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া সরঞ্জাবাড়ী এলাকায় নাদর নদ থেকে অজ্ঞাত বৃদ্ধের (৮০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে সরঞ্জাবাড়ী গ্রামের পাশে নাগর নদীতে এলাকাবাসী ওই অজ্ঞাত বৃদ্ধের লাশ ভেসে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের পরনে চেক লুঙ্গি ও মুখে দাড়ি রয়েছে।
লালমনিরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের মহিষখোঁচা গ্রামের সফিয়ার রহমানের যমজ দুই ছেলে রবিউল ইসলাম (৩) ও সফিউল ইসলাম (৩) বাড়ির আঙিনায় খেলার সময় রবিউল বাড়ির বাইরে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে নিলে এলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু : কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া বাগপাড়া এলাকায় পানিতে ডুবে ফাহিম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে বাগপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাত্ক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভূঞাপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের ঢেপাকান্দী-ফলদা রেলক্রসিংয়ে গতকাল ভোরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। ভোরে পথচারীরা এ লাশ দেখতে পেয়ে ভূঞাপুর থানা পুলিশকে খবর দেয়। ভূঞাপুর থানার এসআই মো. রোকনুজ্জামান জানান, শার্ট-প্যান্ট পরা ৩৬-৩৮ বছরের অজ্ঞাত যুবককে রেলক্রসিংয়ে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। তার শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের চিহ্ন দেখা গেছে।
চট্টগ্রামে পরিত্যক্ত জুতার ফ্যাক্টরি থেকে লাশ উদ্ধার : চট্টগ্রামে পরিত্যক্ত জুতার ফ্যাক্টরি থেকে তাজুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার রাতে নগরীর ডবলমুরিং থানাধীন পূর্ব মাদারবাড়ী নুছুম মালুম লেন এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার ডিউটি অফিসার এএসআই আকবর হোসেন জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত ওই জুতার ফ্যাক্টরির দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা তাকে তাজুল ইসলাম বলে শনাক্ত করে। তবে তাত্ক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রোববার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে কেউ তার লাশ ফেলে গেছে।
ফুলবাড়ীতে পানিতে ডুবে শিশুসহ দু’জনের মৃত্যু : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গত দুই দিনে পুকুরের ডুবে এক মেয়ে শিশুসহ দুইজনের সলিল সমাধি হয়েছে। এরা হলো উপজেলার কবিবর মামুদ গ্রামের মৃত নবাব আলীর মানসিক ভারসাম্যহীন ছেলে এনামুল হক (৩২)। সে রোববার তার বাড়ির পুকুরে পড়ে মারা যায়। অন্যদিকে গতকাল বিকাল সাড়ে ৩টায় খেলার ছলে পুকুরের পানিতে ডুবে মারা গেছে উপজেলার কিশামত প্রাণকৃষ্ণ গ্রামের রুবেল মিয়ার মেয়ে রবি পারভীন (৩)।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী