অন্তর্বর্তী মন্ত্রিসভা চান হাসিনা, বিএনপিকে আহ্বান
জিয় নিউজ ২৪ ডটকম: রাজনৈতিক দলের অংশগ্রহণে পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য ছোট আকারে অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠন করা যেতে পারে বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই মন্ত্রিসভায় বিএনপিও অংশ নিতে পারে বলে অভিমত বাংলাদেশের প্রধানমন্ত্রীর। তবে এজন্য বিরোধী দলকে পার্লামেন্টে প্রস্তাব তোলার পরামর্শ দেন শেখ হাসিনা।
তার সাম্প্রতিক লন্ডন সফরে দেশটির প্রভাবশালী টেলিভিশন চ্যানেল বিবিসি ও বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এমনই অভিমত দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এছাড়াও সাক্ষাৎকারে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু, পদ্মাসেতু দুর্নীতি ও এ প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিল এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গেও অনেক খোলামেলা কথা বলেন আওয়ামী লীগ সভাপতি।
তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে দেশে চলমান রাজনৈতিক বিতর্ক প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচনের সময় যে অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠন করা হবে তাতে বিএনপিও অংশ নিতে পারে। তারা পার্লামেন্টে এজন্য প্রস্তাব দিতে পারে এবং সবাই মিলে একটি ছোট মন্ত্রিসভা গঠন করা যেতে পারে।”
বিবিসি টিভির হার্ড টক অনুষ্ঠানে পদ্মাসেতু দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, “পদ্মাসেতু প্রকল্প নিয়ে যদিও বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলেছে, কিন্তু এ প্রতিষ্ঠানটি তাদের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি।”
ড. ইউনূসকে কেন তিনি গরীবের রক্তচোষা বলে অভিহিত করেন- এমন প্রশ্নের জবাবে ‘গ্রামীণব্যাংক গরীবদের কাছ থেকে ৪৫ শতাংশ হারে সুদ নেয়’ বলে উল্লেখ করেন শেখ হাসিনা।
উচ্চ হারে সুদ নেওয়ার জন্য গ্রামীণব্যাংকের প্রতিষ্ঠাতাকে তুলোধুনোও করেন মহাজোট নেতা হাসিনা।
তার (হাসিনা) পর আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবেন জানতে চাইলে বিবিসি বাংলাকে তিনি বলেন, “আমার পরে আওয়ামী লীগের নেতা কে হবেন – সে সিদ্ধান্ত আমি দলের ওপর চাপিয়ে দেব না।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে, দল যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই সব হবে।”









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী