কুমিল্লায় চালক ফুলপুরে গৃহবধূ খুন কেশবপুর ফুলপুর মান্দায় লাশ উদ্ধার : ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বিজয় নিউজ ২৪ ডটকম: কুমিল্লায় এক ইজিবাইক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়মনসিংহের ফুলপুরে যৌতুকের বলি হয়েছে এক গৃহবধূ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক লাশ উদ্ধার করেছে পুলিশ। যশোরের কেশবপুরে পুলিশ এক যুবকের লাশ উদ্ধার করেছে। নওগাঁর মান্দায় এক গলিত লাশ উদ্ধার করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত হয়েছেন। রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় এক কলেজছাত্রী নিহত হয়েছে। পাবনার সাঁথিয়ায় এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। বান্দরবানের আলীকদমে দু’দিনে ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে :
কুমিল্লায় ইজিবাইক চালককে হত্যা : কুমিল্লায় ইমাম হোসেন নামের এক কিশোর চালককে হত্যা করে অটোবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। জেলার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউপি কার্যালয় সংলগ্ন কুমিল্লা-ফেনী সড়কের পাশ থেকে গতকাল সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, উপজেলার মেরকোট গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইমাম হোসেনকে (১৪) শুক্রবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা গলায় রশি পেঁচিয়ে হত্যার পর তার অটোবাইকটি ছিনিয়ে নেয়।
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত : ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ঝালকাঠি মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সৈয়দ শামসুল আলম (৬০), তার বড় ভাই রাজাপুর বড়ইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহ আলম এবং মোটরসাইকেল চালক ইলিয়াস হাওলাদার (২৮) নিহত হয়েছেন। গতকাল সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেলে রাজপুর থেকে ঝালকাঠি আসার পথে বরিশাল-খুলনা মহাসড়কে ঝালকাঠি গাবখান ব্রিজে এক দুর্ঘটনায় তারা নিহত হন। জানা গেছে, সৈয়দ শামসুল আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্তানে দাফন করা হবে।
ফুলপুরে যৌতুকের বলি গৃহবধূ : যৌতুকের বলি হলো ময়মনসিংহের ফুলপুর উপজেলার গুপ্তেরগাঁও গ্রামের আবদুস সাত্তারের মেয়ে নার্গিস আক্তার (২৮)। গত বৃহস্পতিবার রাতে পুলিশ তার লাশ ফুলপুর শহরের চরকাজিয়াকান্দা গ্রামের স্বামী তৈয়ব আলীর বসতঘর থেকে উদ্ধার করে। জানা যায়, প্রায় ৭ বছর আগে চরকাজিয়াকান্দা গ্রামের পুলিশ কনস্টেবল তৈয়ব আলীর সঙ্গে নার্গিসের বিয়ে হয়। বিয়ের পর থেকে নার্গিসকে যৌতুকের জন্য তার স্বামী তৈয়ব আলী শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। নার্গিসের বাব আবদুস সাত্তার জানান, বৃহস্পতিবার রাতে মেয়ের মৃত্যুর সংবাদ পাই।
গোবিন্দগঞ্জে লাশ উদ্ধার : গাইবান্ধার গোবিন্দগঞ্জের পল্লীতে আখ ক্ষেত থেকে আজিজার রহমান (৪৪) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সাপগাছি হাতিয়াদহ গ্রামের হাজেরা বেগম গরু খোঁজার জন্য বাড়ির পাশের আখ ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় লাশ দেখে সে চিত্কার দেয়। এ সময় তার চিত্কারে লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পড়ে থাকা লাশটি ওই গ্রামের আজিজার রহমানের বলে শনাক্ত করে। আজিজার রহমান মৃত রোস্তম আলীর ছেলে।
কেশবপুরে যুবকের লাশ উদ্ধার : গতকাল সকালে যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের রশিদডাঙ্গীর একটি হাজামজা পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, বাগেরহাট জেলার মংলা উপজেলার হলদিবুনিয়া গ্রামের মৃত নেপাল মণ্ডলের ছেলে দেবাংশু মণ্ডল (৪০) বলে লাশের পরিচয় জানা গেছে। ওই যুবক মানিকগঞ্জে আকিজ কোম্পানিতে চাকরি করত বলে জানা গেছে।
মান্দায় গলিত লাশ উদ্ধার : নওগাঁর মান্দায় এক অজ্ঞাতের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার মান্দা ইউনিয়নের হাঁড়কিশোর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে একটি জঙ্গল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এলাকাবাসী জানান, মাঠে উত্কট গন্ধে কৃষকের কাজ করা দুরূহ হয়ে পড়ে। গন্ধের উত্স খুঁজতে গিয়ে বিদ্যালয়ের অদূরে নির্জন জঙ্গলে গলিত লাশটি পাওয়া যায়। পুলিশ জানায়, লাশের পরনে চেক লুঙ্গি ও গায়ে ছেঁড়া গেঞ্জি ছিল।
নাটোরে ট্রেনের ধাক্কায় শিশু ও বৃদ্ধা নিহত : নাটোর সদর উপজেলার নলডাঙ্গা থানা ও লালপুর উপজেলার গোপালপুরে ট্রেনের ধাক্কায় এক শিশু ও বৃদ্ধা নিহত হয়েছে। পুলিশ জানায়, গতকাল দুপুরে নলডাঙ্গার বিলপাড়া এলাকায় ইব্রাহীম হোসেনের শিশু মেয়ে জুঁই ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে লালপুর উপজেলার আজিমনগর রেল স্টেশনের কাছে রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নূরজাহান বেগম (৬০) নামের বস্তিবাসী নিহত হয়েছে।
মুকসুদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু : গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে মোস্তাকিন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন ওই গ্রামের রফিক মোল্যার ছেলে। জানা গেছে, মোস্তাকিন বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায়।
বাঘায় পৃথকভাবে ২ জনের আত্মহত্যা : রাজশাহীর বাঘায় পৃথকভাবে ২ জন আত্মহত্যা করেছে। স্বামীর অত্যাচারে ফুলন খাতুন নামে এক গৃহবধূ বিষপানে ও চিকিত্সার টাকা জোগাড় করতে না পেরে অপর এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জানা গেছে, বিয়ের পর স্বামী-শ্বশুর-শাশুড়ি কারণে অকারণে ফুলনকে নির্যাতন করত। এক পর্যায়ে ওই গৃহবধূ অত্যাচার সহ্য করতে না পেরে গত শুক্রবার বেলা ৩টার দিকে বিষপান করে। অপরদিকে রাইজুন নামের ৭০ বছরের এক বৃদ্ধা আত্মহত্যা করেছে।
তাড়াশে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত : সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশের মহিষলুটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও অন্তত ৬ জন আহত হয়েছে। নিহতরা হলো বেলকুচির রয়না গ্রামের জেলহক (৩৫) ও শাহজাদপুরের রাজারহাট গ্রামের বিষ্ণুপদ মণ্ডল (৪০)। পুলিশ জানায়, গতকাল সকালে চাপাইনবাবগঞ্জ থেকে একটি আমবোঝাই ট্রাক সিরাজগঞ্জ যাচ্ছিল। ট্রাকটি তাড়াশের মহিষলুটিতে পৌঁছলে এর সামনের দিকের ডানপাশের চাকাটি ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
চরভদ্রাসনে ডুবে বৃদ্ধার মৃত্যু : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের হাজীডাঙ্গী গ্রামের মৃত সেখ রায়হানের স্ত্রী নূরজাহান (৬০) গত শুক্রবার বিকালে পানিতে ডুবে মারা গেছেন। ওই বৃদ্ধা বাড়ির পেছনে ছোট পুকুরে গোসল করতে গিয়ে ২ ঘণ্টা নিখোঁজ থাকার পর এলাকাবাসী পানিতে ডুবে থাকা লাশ উদ্ধার করেছেন।
রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় কলেজছাত্রী নিহত : গতকাল দুপুরে রাজবাড়ীর পাংশা রেলস্টেশন সংলগ্ন কোরাপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় তাহমিনা আফরোজ তানিয়া নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে। জানা গেছে, পোড়াদাহ থেকে ছেড়ে আসা শাটল ট্রেন দুপুরে পাংশা থেকে রাজবাড়ী যাওয়ার সময় তানিয়া পাংশা পৌরসভার কোরাপাড়া এলাকার রেল লাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিল। একপর্যায়ে অসতর্কভাবে চলন্ত ট্রেনের ধাক্কা খায় সে। তানিয়ার বাবার নাম ফজল সেখ। বাড়ি পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।
লালপুরে ট্রেনে কাটাপড়ে বৃদ্ধা নিহত : গতকাল নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশন-প্লাটফরমের কাছে ছাগল চরাতে গিয়ে খুলনাগামী রূপসা আন্তঃনগর ট্রেনে কাটাপড়ে কানিবুড়ি নূরজাহান (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি আজিমনগর স্টেশনের সাবেক দক্ষিণ কেবিন সংলগ্ন এলাকায় রেল লাইনের পাশে বসবাসরত হানিফ আলীর স্ত্রী।
ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১ : ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার কামারখোলায় গত শুক্রবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দু’জন গুরুতর আহত হয়েছে। নিহতের নাম মহিউদ্দিন বেপারি (২৫)। জানা গেছে, ওই রাতে ঢাকা থেকে মাওয়াগামী একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-১৭-৯৪৫৫) বেপরোয়া গতিতে চালিয়ে ওভার ট্রেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক মহিউদ্দিন বেপারি ঘটনাস্থলেই মারা যান।
সাঁথিয়ায় স্কুল ছাত্রের আত্মহত্যা : পাবনার সাঁথিয়ায় স্কুলছাত্র কিরণ (১৭) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের আতোবশোভা গ্রামের মৃত মাহাতাব হোসেনের ছেলে। জানা যায়, গতকাল ভোরে উপজেলার আতোবশোভা গ্রামের মৃত মাহাতাব হোসেনের ছেলে ও শহীদনগর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর মেধাবী ছাত্র কিরণ ঘরের পেছনে আম গাছে রশিতে ঝুলে আত্মহত্যা করে। আত্মহত্যার কারণ জানা যায়নি। সাঁথিয়া থানায় ইউডি মামলা হয়েছে।
আলীকদমে দু’দিনে ডুবে ৩ জনের মৃত্যু : বান্দরবানের আলীকদমে গত দু’দিনে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার সকালে উপজেলার আলীকদম বাজারপাড়ার উক্যুহা মারমা (৩০) দুই সঙ্গী নিয়ে মাতামুহুরী নদীতে মাছ ধরতে যান। তৈনখাল মুখ এলাকায় সাঁতার দিয়ে পারাপারকালে তিনি মাতামুহুরী নদীতে ডুবে যান। এছাড়া ওইদিন থানাপাড়া বাসিন্দা মোঃ ইসমাইলের শিশু মেয়ে আমনি (৩) এবং গত বুধবার নয়াপাড়ায় লেদু দে’র ছেলে নয়ন (২) নামের আরেক শিশুর পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়েছে।








