Home » দুর্যোগ-দুর্ঘটনা
আতংকিত শহরবাসী : সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ আবারো ধসার আশংকায় পাউবো’র পত্রজারী
Posted-মঙ্গলবার, ২৬ জুন, ২০১২ Time-৬:৩৯ pm ◊ বাংলা- ১২ আষাঢ় ১৪১৯ সাল ।
বিভাগ-দুর্যোগ-দুর্ঘটনা
আমিনুল ইসলাম,বিজয় নিউজ ২৪ ডটকম, সিরাজগঞ্জ থেকে: সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ এলাকায় যেকোন মুহুর্তে আবারো ভাঙ্গন দেখা দিতে পারে এমন আশংকায় সতর্কবাণী দিয়েছে পানি উন্নয়ন বোর্ড বিআরই (বিশেষায়িত) শাখা। এফ-৫/১৮৯০ নং স্মারকে ২১জুন তারিখের স্বাক্ষরিত এক দপ্তরাদেশের মাধ্যমে নির্বাহী প্রকৌশলী সাজিদুর রহমান সরদার সকল সরকারি-বেসরকারি সংবাদমাধ্যম ও গোয়েন্দা প্রতিষ্ঠানকে এ পত্র দিয়েছেন। তিনি ওই পত্রে উল্লেখ করেছেন যমুনা নদীর পানি প্রতিদিন ক্রমাগত ভাবে বৃদ্ধি পাচ্ছে এবং পানি প্রবাহ বৃদ্ধির কারণে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ (হার্ড পয়েন্ট)এলাকায় যেকোন মুহুর্তে পূর্বের ন্যায় ভাঙ্গন দেখা দিতে পারে।
শুধু তাইনয়,হার্ড পয়েন্ট রক্ষাকল্পে যমুনা নদীর পানি ও সমতলের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে জেলা প্রশাসকসহ সকরারি বিভিন্ন দপ্তরের পরামর্শে মঙ্গলবার ২৬ জুন থেকে পানি উন্নয়নবোর্ড বিশেষায়িত শাখার উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে “বন্যা তথ্য কেন্দ্র” খোলার ঘোষণা দেয়া হয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও পওর বিভাগ উক্ত তথ্য কেন্দ্রের সার্বিক দায়িত্ব পালন করবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামি ৩০ সেপ্টম্বর পর্যন্ত এ কেন্দ্রের কাজ অব্যাহত থাকবে।
ইতিমধ্যে ওই কেন্দ্র পরিচালনার জন্য বিশেষায়িত শাখার ৮কর্মকর্তা কর্মচারীকে ২৪ ঘন্টার জন্য নিয়োগ করা হয়েছে। ওই ৮জন সার্বক্ষনিক তাদের মোবাইল ফোন খোলা রাখবেন এবং যমুনা নদীর পানির সর্বশেষ অবস্থানসহ শহররক্ষা বাঁধ এলাকার সকল তথ্য দিবেন। দায়িত্বে থাকা ব্যাক্তিদের ৭দিন পরপর দায়িত্ব পরিবর্তন হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এমন দপ্তরাদেশের কারণে ইতোমধ্যে শহরবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পরেছে।
সম্পাদনা: আবু হেনা তাসমেরী