দীর্ঘ এক যুগ পর ঐন্দ্রিলা আবারও
বিজয় নিউজ ২৪ ডটকম: দীর্ঘ এক যুগ পর ঐন্দ্রিলা আবারও উপস্থাপনায় ফিরেছেন। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত কেকা ফেরদৌসীর নির্দেশনায় রান্না বিষয়ক অনুষ্ঠান ‘তারার রান্না’ অনুষ্ঠান উপস্থাপনা করলেন তিনি। এরই মধ্যে চ্যানেল আই’র নিজস্ব স্টুডিওতে অনুষ্ঠানটির ত্রিশটি পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। মূলত সাংস্কৃতিক
অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা এ রান্না বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাদী মহম্মদ, ফাহমিদা নবী, শাহেদ, নওশীন, সাবাহ, শাহরিয়ার নাজিম জয়, কবির বকুল, দিনাত জাহান মুন্নী প্রমুখ। তারকাদের সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে ঐন্দ্রিলা রান্নার প্রতি যেমন মনোযোগ রেখেছেন ঠিক তেমনি তার উপস্থাপনার প্রতিও তিনি ছিলেন বিশেষভাবে মনোযোগী। এক যুগ পর উপস্থাপনা প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, মাঝে বেশ
কয়েকটি বছর স্বামী, সন্তান আর সংসার নিয়ে ব্যস্ত থাকায় অভিনয় উপস্থাপনা থেকে একেবারেই দূরে ছিলাম। এখন সবকিছু গুছিয়ে উঠেছি। তাই চেষ্টা করলে সময় বের করতে পারবো। অনেক দিন পর উপস্থাপনা করতে বেশ ভাল লেগেছে। সবাই আমাকে স্বাগত জানিয়েছেন, উৎসাহও দিয়েছেন। এরই মধ্যে আরও বেশ কয়েকটি চ্যানেলের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। আসলে আমি এখন আবারও আমার কাজে ফিরতে চাই। উল্লেখ্য, ঐন্দ্রিলা সর্বশেষ ২০০০ সালে আলফা টিভির জন্য ‘রবীন্দ্রনাথের গান’ এবং বাংলাদেশ টেলিভিশনের জন্য ‘ফিল্মি গল্প ডটকম’ ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন। এরপর তাকে আর উপস্থাপনায় দেখা যায়নি। ঐন্দ্রিলার উপস্থাপনায় ‘তারার রান্না’ ম্যাগাজিন অনুষ্ঠানটি আগামী পহেলা রমজান থেকে দেশের চার-পাঁচটি চ্যানেলে একযোগে প্রচার হবে বলে জানা গেছে। আরও উল্লেখ্য, ঐন্দ্রিলা এ পর্যন্ত শতাধিক টিভি নাটক, ১৪টি বিজ্ঞাপনসহ আরও নানা ধরনের অনুষ্ঠানে নিজেকে সম্পৃক্ত করেছেন। এখন তিনি মিডিয়ায় আবারও নিয়মিত হতে চান।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী