Home  » রাজনৈতিক

সৌদিতে পৌঁছেছেন খালেদা জিয়া

Posted-শনিবার, ১৬ জুন, ২০১২ Time-৩:৫১ pm ◊ বাংলা- ২ আষাঢ় ১৪১৯ সাল । বিভাগ-রাজনৈতিক  

বিজয় নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে স্থানীয় সময় ভোর তিনটা ৪৫ মিনিটে পৌঁছেছেন। অবতরণ করে সৌদি আরব বিএনপির শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে সামান্য কথা বলে কিং প্যালেসের দিকে রওনা হন তিনি। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিরোধীদলীয় নেতা সৌদি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিয় করবেন বলে জানিয়েছেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব।

খালেদা জিয়াকে স্বাগত জানাতে মধ্যরাত থেকেই বিমানবন্দরে জড়ো হন জেদ্দা এবং মক্কা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। এ সময় জেদ্দা বিএনপির বিবদমান দুই গ্রুপ জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে মুখোমুখি অবস্থান নেয় । বিএনপি নেতা আব্দুর রহমান গ্রুপ এবং মুকিব গ্রুপের মধ্যে এসময় উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তবে দুই/তিন জন শীর্ষ নেতা ছাড়া কাউকেই বিমানবন্দরের ভেতরে ঢুকতে দেয়নি দায়িত্বরত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। এদিকে খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাতে আগে থেকেই বিমানবন্দরের বাইরে অবস্থান নেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপি সভাপতি আহমেদ আলী মুকিবসহ অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে আছেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, প্রেস সচিব মারুফ কামাল খান, দলের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, সৌদি আরবে চেয়ারপারসনের বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী, বিরোধীদলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ ও ব্যক্তিগত ক্যামেরাম্যান নুরউদ্দিন আহমেদ নুরু। খালেদা জিয়া সৌদি বাদশার রাজকীয় অতিথি হিসেবে পবিত্র উমরাহ পালন করে মদিনায় মহানবী মোহাম্মদের (সঃ) রওজা জিয়ারত শেষে রিয়াদে কিং সউদ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবেন । এছাড়াও প্রবাসী দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাতের কর্মসূচিও আছে বলে জানা গেছে। ২১ জুন রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!