অবকাঠামো বিদ্যুত্ ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
বিজয় নিউজ ২৪ ডটকম: বাংলাদেশে বিদ্যুত্ এবং পর্যটন খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সৌদি প্রিন্স এ আগ্রহের কথা জানান। তবে এ ব্যাপারে চূড়ান্ত কোনো প্রতিশ্রুতি দেননি সৌদি প্রিন্স।
গতকাল ৫ ঘণ্টার এক সফরে ঢাকা আসেন সৌদির এ ধনকুবের। সকাল ১০টার পর ঢাকা এসে পৌঁছান প্রিন্স তালাল। দুপুর ১২টায় হোটেল সোনারগাঁওয়ে তিনি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বিদ্যুত্, জ্বালানি, পর্যটন এবং অবকাঠামোখাতে বিনিয়োগের প্রস্তাব দেয়া হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিসহ অন্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বহুল আলোচিত সৌদি কূটনীতিক খালাফ হত্যার বিষয়টি বৈঠকে আলোচিত হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। বৈঠক সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেন, বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে সৌদি প্রিন্সের সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশের বিদ্যুত্ এবং পর্যটন খাত নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখানো হয়েছে সৌদি প্রিন্সকে।
সৌদি প্রিন্স বিদ্যুত্ এবং পর্যটন খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন।
এ বিনিয়োগের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, সৌদি প্রিন্সের সঙ্গে সুনির্দিষ্ট কোনো প্রকল্প নিয়ে আলোচনা হয়নি। বাংলাদেশ থেকে আগামী মাসে একটি প্রতিনিধি দল সৌদি আরবে যাবে। তখন নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা হবে।
এদিকে বিদ্যুত্ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে বিবিয়ানায় গ্যাসভিত্তিক ৬শ’ মেগাওয়াট এবং মহেশখালীতে কয়লাভিত্তিক ১ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের জন্য দুটি প্রকল্পের প্রস্তাব দেয়া হয়েছে সৌদি প্রিন্সকে।
বৈঠকে খালাফ হত্যার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, বৈঠকে এ বিষয়টি ওঠেনি। সৌদি প্রিন্স অতীতে বাংলাদেশের হোটেল সোনারগাঁও কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন। তবে গতকাল সৌদি প্রিন্স এ ব্যাপারে কোনো আগ্রহ দেখাননি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে প্রধানমন্ত্রী সৌদি প্রিন্সকে বাংলাদেশ থেকে চিকিত্সক, নার্স এবং প্রকৌশলী নেয়ার অনুরোধ জানান। বাংলাদেশ ফ্রেন্ডশিপ পদক প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয় সৌদি প্রিন্সকে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং মধ্যহ্নভোজ শেষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন সৌদি প্রিন্স। বিকাল ৩টায় ঢাকা ছেড়ে যান প্রিন্স তালাল।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী