Home  » বিনোদন

বলিউডে ফেরার প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী কাজল

Posted-মঙ্গলবার, ২৯ মে, ২০১২ Time-৬:৪৩ pm ◊ বাংলা- ১৫ জ্যৈষ্ঠ ১৪১৯ সাল । বিভাগ-বিনোদন  

বিজয় নিউজ ২৪ ডটকম: বেশ জোরেশোরেই বলিউডে ফেরার প্রস্তুতি এখন নিচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল। সম্প্রতি একটি ওয়েবসাইটকে দেয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। দুই সন্তান হওয়ার পর অভিনয় অনেকটাই কমিয়ে দেন কাজল। প্রায় পুরো সময়টাই তিনি ব্যয় করেন সন্তানদের দেখাশোনার পেছনে। এদিকে বেশ দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফেরার কথা জানিয়েছেন তিনি। তবে বর্তমানে সন্তানদের সময় দেয়ার পাশাপাশি বাকি সময়টা তিনি পার করছেন নিজের ফিটনেস আগের অবস্থায় নিয়ে আনার জন্য। আর এক্ষেত্রে ইতিমধ্যে বেশ সফলও হয়েছেন কাজল। দ্বিতীয় সন্তান জন্ম দেয়ার পর বেশ মুটিয়ে গিয়েছিলেন এ অভিনেত্রী। কিন্তু নিজের একান্ত প্রচেষ্টার ফলে ইতিমধ্যে ওজন অনেক কমিয়ে এনেছেন। মূলত আবারও নতুন ছবিতে অভিনয়ের জন্যই শারীরিক সৌন্দর্য ফিরিয়ে আনার এই চেষ্টা কাজলের। ভারতের জুহুর নিজের বাংলোতে নিয়মিত জিম করছেন তিনি। পাশাপাশি নিয়মিত সাঁতার কাটছেন ও ডায়েট অনুসরণ করছেন। আর এক্ষেত্রে একজন প্রশিক্ষকও রেখেছেন তিনি। এ বিষয়ে কাজল বলেন, আমি নিজের শারীরিক সৌন্দর্য নিয়ে সব সময়ই সচেতন ছিলাম, এখনও আছি। তবে মধ্যে খানিকটা মুটিয়ে গিয়েছিলাম। তবে এখন কিন্তু আমার ওজন অনেক কমে গেছে। আগামী দুই মাসের মধ্যে আগের মতোই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো বলে আমার বিশ্বাস। এদিকে বর্তমানে অসংখ্য ছবির প্রস্তাব রয়েছে কাজলের কাছে। কিন্তু খুব ভাল স্ক্রিপ্ট খুঁজছেন তিনি। ভাল স্ক্রিপ্ট এবং প্রোডাকশনের বাইরে কাজ করবেন না বলে জানিয়েছেন। তবে ইতিমধ্যে করন জোহর একটি ছবি তৈরি করার কথা জানিয়েছেন কাজলকে। আগামী বছরের প্রথমদিক থেকেই সেটির শুটিং শুরু হতে পারে বলেও নিজের সাক্ষাৎকারে জানিয়েছেন কাজল। আর এই ছবিতে বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে তার। আর সেটা যদি হয় তবে দর্শকরা আবারও বলিউডের ইতিহাসের শীর্ষ এবং সফল এ জুটিকে পর্দায় দেখতে পাবেন।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!