কালিগঞ্জে বিয়ের নামে প্রতারনা, গর্ভস্থ সন্তান নিয়ে বিপাকে এক যুবতী
বিজয় নিউজ ২৪ ডটকম, কালিগঞ্জ : কালিগঞ্জে বিয়ের ভূয়া কাবিননামায় স্বাক্ষর করে পরিকল্পিতভাবে যুবতীকে ধর্ষণ করেছে এক প্রতারক। পরবর্তীতে চাহিদা মোতাবেক যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় এখন বিয়ে অস্বীকার করছে সে। গর্ভবর্তী ওই যুবতী এখন বিপাকে পড়েছে। প্রতিকার চেয়ে তিনি প্রতারক স্বামী ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ ও সরেজমিন প্রাপ্ত তথ্যে জানা যায়, কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের হোগলা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে তাসলিমা খাতুনের (১৮) উপর নজর পড়ে পার্শ্ববর্তী চাঁচাই গ্রামের আহম্মদ আলী মোড়লের ছেলে ইস্রাফিলের (২৪)। সে বিভিন্ন সময়ে ওই যুবতীকে কুপ্রস্তাব দিতে থাকে। ওই যুবতী এতে সম্মতি না দেয়ায় হোগলা গ্রামের খোদাবক্স মোড়লের ছেলে আফসার আলী ও তার স্ত্রী হাফিজা খাতুনের সহায়তায় বিয়ের প্রতিশ্রুতিতে ওই যুবতীর সাথে ভালবাসার সম্পর্ক গড়ে তোলে লম্পট ইস্রাফিল। পরবর্তীতে এক অপরিচিতি হুজুর ডেকে একটি নীল কাগজে স্বাক্ষর করিয়ে নিয়ে দু’জনের মধ্যে বিয়ে হয়েছে জানিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে গর্ভবতী হয়ে পড়লে ঘরে তুলে নেয়ার জন্য ইস্রাফিলকে অনুরোধ জানায় তাসলিমা খাতুন এতে অসম্মতি জানিয়ে গর্ভের সন্তান নষ্ট করার জন্য ইস্রাফিল, আফসার আলী ও হাফিজা খাতুন তাসলিমার উপর চাপ সৃষ্টি করে। পরবর্তীতে তাসলিমার পিতা সাইফুল ইসলাম বিষয়টি বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা স্থানীয়ভাবে এক শালিস বৈঠকে বসে। সেখানে ইস্রাফিল দৈহিক মেলামেশার বিষয়টি স্বীকার করলেও বিয়ের ঘটনা অস্বীকার করে। তবে ইস্রাফিলের পিতা আহম্মদ আলী মোড়ল একটি মোটরসাইকেল দিলে পুত্রবধুকে স্বীকার করে নেবে বলে শালিস বৈঠকে জানায়। কিন্তু তাসলিমার দরিদ্র পিতা মোটরসাইকেল দিতে অপারগতা জানালে ইস্রাফিল ও তার যৌতুকলোভী পিতা শালিস বৈঠক থেকে চলে যায়। বর্তমানে ৬ মাসের অন্ত:স্বত্বা প্রতিকার চেয়ে তাসলিমা খাতুন বাদি হয়ে গত ০৭/০৫/১২ তারিখে সাতক্ষীরার বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইস্রাফিল, তার সহযোগী আফসার আলŠ ও হাফিজা খাতুনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন যার নম্বর সিআরপি ৮৮০। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ-আল-মাসুম তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন। ইস্রাফিল আলম ও তার সহযোগীরা মামলা তুলে নেয়ার জন্য যুবতী ও তার পরিবারের সদস্যদেরকে হুমকি দিচ্ছে বলে জানা গেছে।
এব্যাপারে ইস্রাফিল মোড়লের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি সাজানো ও মিথ্যা। তাসলিমা খাতুনের সাথে সম্পর্কের বিষয়ে অস্বীকার করে তিনি বলেন, আমাদের সাথে জমিজায়গা নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা মামলা দেয়া হয়েছে।









হেফাজতের উদ্দেশ্য ছিল সরকার উৎখাত: তথ্যমন্ত্রী