Home » খেলাধুলা
ফিটনেস সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার সুযোগ এটি : মাশরাফি
Posted-সোমবার, ২১ মে, ২০১২ Time-৯:৩৯ pm ◊ বাংলা- ৭ জ্যৈষ্ঠ ১৪১৯ সাল ।
বিভাগ-খেলাধুলা
বিজয় নিউজ ২৪ ডটকম:২০১১ সালের শেষ দিক থেকে টানা ক্রিকেট খেলেছিলেন ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ, জাতীয় ক্রিকেট লিগ, বিপিএল, প্রিমিয়ার
ক্রিকেট লিগ সবশেষে এশিয়া কাপ। সবমিলিয়ে ব্যস্ত ক্রিকেট সূচি পার করে নতুন শুরুর প্রতীক্ষায় ছিলেন ক্রিকেটাররা।
জাতীয় দলের খেলা না থাকায় অবশ্য এশিয়া কাপের পর বেশ কিছুদিন টানা বিশ্রাম থাকলেন ক্রিকেটাররা। এশিয়া কাপের পর বলা যায় ব্যাট-বলের সঙ্গে সম্পর্ক কিছুটা ছিন্ন হয়েছিল মুশফিকুর রহিমদের। বিশ্রামটা দরকার ছিল বলেও মত দেন ক্রিকেটাররা। আজ শুরু হয়েছে জিম্বাবুয়ে সফরের কন্ডিশনিং ক্যাম্প। ক্রিকেটাররা বিশ্রাম শেষে এখন কন্ডিশনিং ক্যাম্পকে কাজে লাগিয়ে নিজেদের ফিটনেসকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান। জাতীয় দলের ট্রেনার গ্র্যান্ট লুডেনের তত্ত্বাবধানে ক্যাম্পে ডাক পেয়েছেন ২৭ ক্রিকেটার। আশরাফুল, সাকিব, তামিম দেশের বাইরে থাকায় ক্যাম্পে যোগ দেননি।
জুনে জিম্বাবুয়ে সফরে তিন জাতি টি-২০ টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। সেই টুর্নামেন্টের প্রস্তুতি শুরুর দিনে ক্রিকেটাররা সবাই ক্যাম্পে ফিরে খুশি। অনেকদিন পর এক হতে পেরে ক্যাম্পে সবার মাঝে ছিল আনন্দের রেশ। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কাছে কন্ডিশনিং ক্যাম্প অনেকদিন পর পরিবারে ফেরার মতোই। সারা বছর একসঙ্গে ক্রিকেট খেলায় ক্রিকেটাররা পরস্পর এক পরিবারের সদস্য হয়ে গেছেন। দেশ সেরা এই পেসার বলেন,‘বিশ্রামটা খুব দরকার ছিল।
তবে এর মধ্যেও ফিজিও ও ট্রেনারের সঙ্গে কাজ করেছি। দীর্ঘ বিশ্রামের পর ফিটনেসে হয়তো একটু ঘাটতি তৈরি হয়েছে। তবে ফিটনেস আবারও সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ কন্ডিশনিং ক্যাম্প। ক্যাম্পে আসা সব ক্রিকেটারই খুশি। সারা বছর এক সঙ্গে খেলার পর আমরা পরিবারের মতোই হয়ে গেছি।’ টি-২০ বিশ্বকাপের আগে আন্তর্জাতিক সিরিজ না থাকায় জিম্বাবুয়ে সফর বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন মাশরাফি।
সঙ্গে এটা বিসিবির সাফল্য হিসেবেই দেখছেন তিনি। নড়াইল এক্সপ্রেস জানালেন,‘অনেক দিন কোনো আন্তর্জাতিক ক্রিকেট ছিল না। আইপিএলে সাকিবও এবার খুব বেশি ম্যাচ খেলছে না। তামিমকেও মাঠের বাইরে থাকতে হয়েছে। বিশ্বকাপের আগে বেশ কিছু ম্যাচ খেলা প্রয়োজন ছিল। সব মিলিয়ে এটা বিসিবির একটা বড় সাফল্য।’ স্টুয়ার্ট ল’র উত্তরসূরী নিয়োগ নিয়ে ভাবছেন না মাশরাফি। তিনি বলেন,‘কোচের ব্যাপারটা বিসিবি দেখছে। এ ব্যাপারে আমাদের করার কিছু নেই। আমরা যেটা করতে পারি, সম্ভাব্য সেরা প্রস্তুতি নিতে। আমরা সেটাই করার চেষ্টা করছি।’