Home  » আজব দুনিয়া

পশ্চিমবঙ্গের গ্রামে মিললো গুপ্তধন : পাহারায় ছিল বিষধর সাপ

Posted-রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১২ Time-২:০৫ am ◊ বাংলা- ৩০ মাঘ ১৪১৮ সাল । বিভাগ-আজব দুনিয়া  

তনুশ্রী রায়, বিজয় নিউজ ২৪ ডটকম, কলকাতা : ব্রিটিশ আমলের গুপ্তধনের সন্ধান পাওয়া গেল পশ্চিমবঙ্গের গোঘাট থানার কাঁটালি গ্রামে। শুক্রবার ওই গ্রামে এক ব্যক্তির বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়তে গিয়ে রৌপ্য মুদ্রাভর্তি একটি ঘটের সন্ধান পান শ্রমিকরা। রূপ কথার গল্পের মতোই ঘটটিকে ঘিরে পাহারাদারের ভূমিকায় ছিল বিষধর দুইটি সাপ। কর্মরত শ্রমিকরা অবশ্য তাদের সরিয়ে দেন। এরপর প্রশাসনের কর্মীরা মুদ্রাভর্তি ঘটটি উদ্ধার করেন।

বর্তমান পত্রিকা জানায়, এত মূল্যবান সম্পদ হাতছাড়া হওয়ার আশঙ্কায় মূর্ছা যান গৃহকর্ত্রী। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিক চিকিত্সার পর তিনি সুস্থ হন। এদিকে গৃহকর্তার দাবি, উদ্ধার হওয়া মুদ্রাগুলো তাদের পূর্ব পুরুষের রক্ষিত সম্পত্তি। এই সম্পদ হাতছাড়া হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। তবে সেগুলো যাতে ফেরত পাওয়া যায়, তার জন্য তিনি প্রশাসনের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই স্থানে মানুষের ব্যাপক ভিড় হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয় ও রুপার মুদ্রাভর্তি ঘটটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারকৃত ঘটটিতে ১৮৬২-৬৩ সালের ১৩০টি রৌপ্য মুদ্রা ছিল। ঐতিহাসিক দিক বিচার করলে যার মূল্য কয়েক লক্ষ টাকা। পুলিশ জানায়, মোট ১৩০টি মুদ্রার মধ্যে ৩৫টি বড়, ১০টি মাঝারি, ৪৭টি ছোট ও খুব ছোট ৩৮টি মুদ্রা রয়েছে।

তবে আশ্চর্যের ব্যাপার হলো, যে দুইটি সাপকে অন্যত্র ছেড়ে দিয়ে আসা হয়েছিল তারা ঘণ্টাখানেকের মধ্যে পুনরায় ওই স্থানে এসে হাজির হয় বলে প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা গেছে।

Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Share on Facebook!Seed Newsvine!Reddit!